সরকারি দপ্তরের নকল সিলসহ সাত ‘জালিয়াত’ গ্রেপ্তার
পুলিশ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের নকল সিলসহ একটি জালিয়াত চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ‘সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন’ বিভাগ।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানান।
গ্রেপ্তার সাতজন হলেন- সবুজ হোসেন (২৬), মোস্তফা কামাল (৪৫), সুমন হোসাইন (৩২), মো. জাকির হোসাইন (২০), আব্দুর রহিম (২৬), আনোয়ার হোসেন (৩২) ও রুবেল মিয়া (২২)।
পুলিশ কর্মকর্তা লাকী বলেন, “এ চক্রের হোতা একরামুল নামের একজন। তাকে ধরার জন্য রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগে তার বাসায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।”
তবে ওই বাসা থেকে ৯ হাজার ৫৪০টি পুলিশ ক্লিয়ারেন্স ফরম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা লাকী।
