২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল-মইনুল-জাফরুল্লাহর জামিনের বিরুদ্ধে শুনানি মুলতবি

নাশকতা, চাঁদাবাজি ও মানহানির আলাদা মামলায় বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতাকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 01:33 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ  আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, “এসব মামলায় হাই কোর্টের আদেশ পেয়েছি। আমরা এখন সিপি (লিভ টু আপিল) করব। নট টু ‍ডে চাই। এরপর আদালত সোমবার পর্যন্ত মুলতবি করে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনর বিরুদ্ধে করা নাশকতার বিভিন্ন মামলায় গত ৩ অক্টোবর হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।

একইসঙ্গে পুলিশ প্রতিবেদন দেওয়ার চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এই জামিন আদেশের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ আবেদন করে।

সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় এ মামলা করে পুলিশ।

এদিকে আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির দিনও সোমবার ঠিক করেছে আপিল বিভাগ।

গত ১৬ অক্টোবর টকশোতে মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মইনুল হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মাসুদা ভাট্টি এবং জামালপুর আদালতে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহ্বায়ক ফারজানা ইয়াসমীন লিটা ২০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন।

এ মামলায় আদালত মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিনই হাই কোর্টে হাজির হয়ে ৫ মাসের আগাম জামিন নেন মইনুল।

পরদিন কুড়িগ্রামে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সে মামলায়ও হাই কোর্ট থেকে আগাম জামিন নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।

তবে ঢাকা-জামালপুরের মামলায় আদালত মইনুলকে ৫ মাসের আগাম জামিন দিলেও কুড়িগ্রামের মামলায় ৬ সপ্তাহের জন্য জামিন দেয়।

এদিকে মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি মামলা হয়। রংপুরে দায়ের করা মামলায় গত ২২ অক্টোকর পুলিশ তাকে গ্রেপ্তার  করে।

অপর দিকে জমিদখল, চাঁদাবাজরি অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় তিনটি মামলা হয়।

এ দুই মামলায় জাফরুল্লাহ চৌধুরী ২১ অক্টোবর হাই র্কোট থকে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামনি নেন। পরদিন আশুলিয়া থানার চুরির মামলায়ও ৬ সপ্তাহের আগাম জামিন পান জাফরুল্লাহ।

পরে মইনুল ও জাফরুল্লাহকে দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার শুনানির জন্য রেখেছিল।

সে অনুযায়ী রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন শুনানির জন্য উঠলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা সোমবার পর্যন্ত মুলতবি করেছে সর্বোচ্চ আদালত।