বিডিবিএলে ঋণ জালিয়াতি: ৬ ব্যবসায়ীকে দুদকে তলব
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) থেকে ‘অস্তিত্বহীন’ জামানতের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা ঋণ নেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারটি প্রতিষ্ঠানের প্রধানসহ ছয় ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদেরকে আগামী ৩০ অক্টোবর প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বুধবার দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান নোটিস দিয়েছেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান হেফাজাতুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, ঢাকা ট্রেডিং হাউজের স্বতাধিকারী মো. টিপু সুলতান, টাটকা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, টিআর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওহিদুল আলম ও পরিচালক মো. তেীফিকুল আলম।
ওই চার প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার অভিযোগে এর আগে গত ১৭ ও ১৯ অক্টোবর বিডিবিএলের সাবেক ও বর্তমান ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
তারা হলেন- বিডিবিএলের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাজমুল বারী, সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. খলিলুর রহমান চৌধুরী, সাবেক জিএম এএমএম জিয়াউল হক, সাবেক পরামর্শক কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, উপ-মহাব্যবস্থাপক মো. সোলায়মান আলী, দুই ডিএমডি দিলওয়ার হোসেন ভূইয়া ও দীনা আহসান, এজিএম সৈয়দ মো. নজরুল ইসলাম এবং দুই সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম সিরাজুল ইসলাম ও শ্যামল কুমার দাস।
অভিযোগের অনুসন্ধানের স্বার্থে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে দুদক।
