৭ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
চট্টগ্রামে সাত হাজার ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানার চর চাক্তাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তার জসীম উদ্দিন (২১) ও কফিল উদ্দিন (১৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সরবরাহ করার জন্য সকালে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে এসেছে বলে জানিয়েছে।
“গোপন সংবাদের ভিত্তিতে চর চাক্তাই এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে জসীমের কাছ থেকে ৪ হাজার ২০০ পিস ও কফিলের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস করে মোট ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম বলেন, জিজ্ঞাসাবাদে তারা বলেছে চট্টগ্রামে এক ব্যক্তি তাদের কাছ থেকে ইয়াবাগুলো নেয়ার কথা ছিল। তবে তারা লোকটির নাম বলতে পারেনি। তাদেরকে ফোন করে ইয়াবাগুলো বুঝে নেয়ার কথা ছিল।
