রোহিঙ্গাদের ‘মেনে নেওয়ার’ পরামর্শ ডয়চে ভেলের প্রধান সম্পাদকের
নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থান যে দীর্ঘায়িত হবে, বাংলাদেশকে তা মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন জার্মানির আন্তর্জাতিক ব্রডকাস্টার ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল।
মিয়ানমারের বাস্তুচ্যুত এই নাগরিকদের তিনি সমাজের মূল ধারায় নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন, যাতে তারা শিক্ষা আর কাজের সুযোগ পায়।
বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখে নিজের অভিজ্ঞতা জানাতে শনিবার ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে এক আলোচনায় মিলিত হন ইনেস পোল।
তিনি বলেন, “আমি দেখলাম, এখানে সবাই এমনভাবে রোহিঙ্গাদের দেখছে, যেন তারা নির্দিষ্ট একটা সময় বাংলাদেশে থাকবে, আর সেটা খুবই অল্প একটা সময়।”
শরণার্থীদের ক্ষেত্রে এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকারান্তরে তাদের অস্বীকার করার মতই বলে মনে করেন ডয়চে ভেলের প্রধান সম্পাদক।
“আমার মনে হয়, তাদের এভাবে অস্বীকার করা হলে তা হবে অমানবিক। আমরা ক্যাম্পে কয়েকজন নারীর সঙ্গে কথা বললাম, কয়েকজন পুরুষের সঙ্গে কথা বললাম, তারা সবাই বলল তারা মিয়ানমারে ফিরে যেতে চায়। আমরা স্থানীয় কয়েকজনের সঙ্গেও কথা বললাম, তারাও শুধু একটা জিনিসই চায়- রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরে যাক।”
“কিন্তু সবাই জানে, এটা সহসা সম্ভব না। আমাদের সবাইকে ওই অস্বীকারের মনোভাব থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। এটা আমাদের মেনে নিতে হবে যে এই সমাজের অংশ হওয়ার একটা সুযোগ তাদের পাওয়া উচিত, তাদের শিক্ষার সুযোগ পাওয়া উচিত, কাজের সুযোগ পাওয়া উচিত এবং বাংলাদেশে নতুন করে জীবন শুরু করতে পারার সুযোগ পাওয়া উচিত।
রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের শরণার্থীর স্বীকৃতি না দিয়েও বাংলাদেশ একভাবে তাদের অধিকারকে অস্বীকার করছে বলে মন্তব্য করেন ইনেস পোল।
ইনেস পোল মনে করেন, রোহিঙ্গাদের বাংলাদেশে একটি সুযাগ পাওয়া উচিত
তৌফিক ইমরোজ খালিদী বলছেন, রোহিঙ্গা সঙ্কটের শুরু মিয়ানমারে, সেখানেই খুঁজতে হবে সামাধান
তিনি বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেনি। বাংলাদেশ রোহিঙ্গাদের বর্ণনা করছে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে, কারণ মিয়ানমারের সেনাবাহিনী এবং বেসামরিক নেতৃত্ব রোহিঙ্গাদের বর্ণনা করে ‘বাঙ্গালি’ হিসেবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দীর্ঘদিন ধরেই জাতিগত নিপীড়ন চলে আসছে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে চার লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কয়েক দশক ধরে।
এর মধ্যে ২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরু হলে বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসাবে সাত লাখের বেশি রোহিঙ্গা গত এক বছরে বাংলাদেশে এসেছে।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে যে, এই সঙ্কট সহসা মেটার নয়।
“আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক- সব পর্যায়ের আলোচনাতেই এটা আসছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান আরও দীর্ঘায়িত হচ্ছে।”
এ প্রসঙ্গে রোহিঙ্গাদের সহায়তায় এডিবি ও বিশ্ব ব্যাংকের তিন বছর মেয়াদী প্রকল্প নেওয়ার কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া চুক্তিতে রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যের কথাও তিনি বলেন।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যে শিশু সাংবাদিকরা কাজ করে, তারাও বুঝতে পারছে যে রোহিঙ্গারা এখনই ফিরে যাচ্ছে না।
“রোহিঙ্গারা যখন আসা শুরু করল, তার ১২ সপ্তাহের মাথায় ক্যাম্প ঘুরে এসে ওরা আমাকে বলেছিল, রোহিঙ্গারা যেতে চায় না।
“এর কারণ হল, মিয়ানমারে জীবন অনেক বেশি কঠিন। নিজের বাবা-মাকে তারা চোখের সামনে পাশবিক ধর্ষণের শিকার হতে দেখেছে। বাবা-মাকে খুন হতে দেখেছে। তারা ভাবছে, এখানে ক্যাম্পের অবস্থা যেমনই হোক, রাখাইনের পরিস্থিতির চেয়ে তা ভালো।”
এ আলোচনার সঞ্চালক ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ প্রশ্ন রেখেছিলেন, সামনের দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কোনটি।
ইনেস পোল বলেন, একটি বড় চ্যালেঞ্জ হবে নারী ও কিশোরীদের নিরাপত্তা। বাল্য বিবাহ ঠেকানো কঠিন হবে। তাছাড়া আছে মানবাধিকারের প্রশ্ন। সেই সঙ্গে রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা হতে পারে মাথাব্যথার বড় কারণ।
“তাদের জন্য কিছু সুযোগ সৃষ্টির কথা আমাদের ভাবতেই হবে। বিশেষ করে তরুণদের জন্য। আমাদের এমন কিছু ভাবতে হবে, যাতে তাদের কর্মহীন বসে থাকতে না হয়। তারা সুস্থ, সবল, আর শক্তিশালী। তারা কিছু করতে চায়। তারা চায়, জীবনটা যেন অর্থহীন না হয়। এটা তাদের জীবনের প্রশ্ন। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।”
তৌফিক ইমরোজ খালিদী বলেন, রোহিঙ্গা শিশুরা যেভাবে বেড়ে উঠছে, তা নিয়েও ভাবতে হবে।
“এই শিশুরা যাতে শিক্ষার একটি পরিবেশ পায়, মানসিক সহায়তা পায়, স্বাস্থ্যসেবা পায়, ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করার সুযোগ পায়, অন্তত সেটুকু আমাদের নিশ্চিত করতেই হবে। তাদের সামনে কিছু থাকতে হবে যাতে তারা এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারে। বাস্তবতা হল, মিয়ানমার সরকার যে আচরণ করছে, তাতে রোহিঙ্গাদের অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে যেতে পারে।”
রোহিঙ্গা মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, এই বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা কঠিন।
এ সমস্যা মেটাতে রোহিঙ্গাদের মধ্যে থেকেই প্রশিক্ষণের মাধ্যম কমিউনিটি পুলিশ গড়ে তোলা যেতে পারে বলে মত দেন ইনেস পোল। তৌফিক ইমরোজ খালিদীও তাতে সায় দেন।
ইনেস পোল বলেন, “সেটা করতে চাইলেও এটা মেনে নিতে হবে যে রোহিঙ্গারা থাকছে।”
