প্রতিমা ভাংচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি
দেশের বিভিন্ন স্থানে ‘প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের জমি দখলে’ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোটের এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক প্রশান্ত হালদারের সভাপতিত্বে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক ও অন্যান্য নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।
প্রশান্ত হালদার বলেন, দুর্গাপূজা এলেই দেশের বিভিন্নস্থানে প্রতিমা ভাংচুর শুরু হয়। কিন্তু অপরাধীদের ধরতে সরকারের কোনো ‘তৎপরতা নেই’।
গত কয়েক দিনে পিরোজপুর, গাজীপুর, দিনাজপুর, নীলফামারী, শরিয়তপুর, কুড়িগ্রাম, শেরপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর ও রংপুরসহ দেশের বিভিন্নস্থানে প্রতিমা ভাংচুর, লুটপাট ও ভক্তদের কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয় মানববন্ধনে।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান মানববন্ধনের বক্তারা।
