প্রতিবন্ধী কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে সমাবেশ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেছে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা৷
বৃহস্পতিবার দুপুরের আগে শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ'-এর ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশে দুই শতাধিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থী যোগ দেন।
প্রতিবন্ধীদের জন্য ‘বিনাশর্তে’ ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি, বিসিএস প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখা, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের মধ্যে থেকে অন্তত একজন প্রতিনিধি রাখা, প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের মধ্যে থেকে মন্ত্রী নিয়োগ করা, সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য ১০ মিনিট সময় বেশি দেওয়া, প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করাসহ ১১টি দাবি জানানো হয় ওই সমাবেশ থেকে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রতিবন্ধীদের দাবির সঙ্গে সংহতি জানাতে দুপুরে শাহবাগে যান। প্রতিবন্ধী কোটার দাবিতে আন্দোলনকারীদের এই দাবি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
রাব্বানী বলেন, “প্রতিবন্ধীরা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী৷ আমাদের সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে ৷ আমি মনে করি তাদের দাবি যৌক্তিক৷ তাই এ দাবির পাশে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে৷”
সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নেয় ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’।ছবি: আব্দুল্লাহ আল মমীন
দীর্ঘ সময় তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়।
সরকারি চাকরিতে নিয়োগে এতদিন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
ওই পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অক্টোবরের শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে সরকার।
অবশ্য জোরালো আন্দোলন হলে নতুন করে কোটার ব্যবস্থা হতে পারে বলেও সে সময় ইংগিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা বাতিলের পর থেকে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতেও কয়েকটি সংগঠন আন্দোলন চালিয়ে আসছে।
