২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এখন স্প্যানিশ ভাষায়

স্প্যানিশ ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2018, 12:22 PM

Updated : 11 Oct 2022, 12:41 PM

বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ স্পেনের রাষ্ট্রদূত, সেদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, “এটা আমাদের জন্য গৌরবের; খুবই আনন্দের।”

বইটির অনুবাদ ও সম্পাদনার সঙ্গে যুক্ত সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে তার জীবন ও এই উপমহাদেশের রাজনীতি সম্পর্কে জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার ও বাবা-মার প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে।

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটিও স্পানিস ভাষায় অনুবাদ হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত বইটির কথা উল্লেখ করে তিনি বলেন, “পৃথিবীর কোনো নেতার বিরুদ্ধে রিপোর্ট করলে সেটা প্রকাশিত হয় না। স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস এই বই থেকে জানা যাবে।”

বাবার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “তিনি বলতেন, স্প্যানিশ ভাষা সব থেকে মিষ্টি ভাষা।”

অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত ড. আলভারো ডি সালাস্ গিমেনেজ ডি আজকারাতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা।

এই বই প্রকাশের ফলে বিশ্বের প্রায় ৪৩ কেটি ৭০ লাখ স্প্যানিশ ভাষাভাষী জনগোষ্ঠী বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবেন।

সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের জন্য বঙ্গবন্ধুর আপোষহীন সংগ্রাম ও আত্মত্যাগ, তার গৌরবময় জীবন স্প্যানিশ ভাষাভাষী মানুষ জানতে পারবেন।

২০১২ সালের ১৮ জুন অসমাপ্ত আত্মজীবনী মূল বাংলা ভার্শন প্রকাশিত হয়।

এ পর্যন্ত বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, উর্দু, আরবি ও স্প্যানিশসহ ১০ ভাষায় প্রকাশিত হয়েছে।

এছাড়া রুশ ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে।

এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন মূখ্য সচিব মো. নজিবুর রহমান।