২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে দোকানে আগুন, দগ্ধ ৫

ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডের একটি দোকানে আগুন লেগে দগ্ধ হয়েছেন পাঁচজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2018, 12:15 AM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাজমহল রোডের একটি চারতলা ভবনের নিচতলায় বৈদ্যুতিক ফ্যান বিস্ফোরণে মোটর সাইকেল সরঞ্জামের দোকান ‘বাইকার শপ’ এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন দোকানের কর্মচারী আরিফ হোসেন (২৫), আবুল কাশেম (৩২), মিন্টু মিয়া (৫২), মো. রিপন (৩৫) ও  ক্রেতা রবিউল হাসান পনিক (২৩)। 
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিগান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভায় এবং আহতদের  হাসপাতালে নিয়ে যায়।

আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রবিউল বলেন, “তারা মোটর সাইকেলের একটি গ্লাস দেখার জন্য ওই দোকানের সামনে যাওয়ামাত্র বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়।”

মোহাম্মদপুর থানার পরিদর্শক ( তদন্ত)  আবুল কালাম আজাদ বলেন, “দেয়ালে লাগানো ফ্যান বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।”

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দগ্ধ ৫ জনের কেউই আশংকা মুক্ত নন।