২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল-মোটেল তামাকমুক্ত করতে কর্মশালা

‘তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর বাস্তবায়ন কৌশলপত্র’ চূড়ান্ত করার লক্ষ্যে সচিবালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 12:27 AM

Updated : 19 Aug 2022, 02:43 PM

ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র সহযোগিতায় মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে খসড়া কৌশলপত্রটি চূড়ান্ত করা হয় বলে ঢাকা আহ্ছানিয়া মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরান।

কর্মশালায় বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, অন্যান্য পাবলিক প্লেসের তুলনায় হসপিটালিটি সেক্টরে (হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রিসোর্ট, রেস্টুরেন্ট, বার ইত্যাদি) পরোক্ষ ধূমপানের হার বেশি।

বাংলাদেশে শতকরা প্রায় ৫০ ভাগ মানুষ হসপিটালিটি সেক্টরের আওয়াতাধীন সেবা প্রতিষ্ঠানে পরোক্ষ ধূমপানের শিকার হন বলেও উল্লেখ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, এ অবস্থায় তামাক ব্যবহার না করেও যারা স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছেন তাদের সুরক্ষার প্রয়োজনেই একটি কৌশলপত্র প্রয়োজন।

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হিসাবে এই কৌশলপত্র বাস্তবায়নের উপর জোর দেন তারা।

খসড়া কৌশলপত্র উপস্থাপন করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস এম খলিলুর রহমান।

কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, সাভার পৌরসভা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ , বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, টুরিজম রিসোর্ট ইন্ডাসট্রিজ অ্যাসোসিয়েশন,  বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস ও বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।