২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাজাহান সিরাজের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগপত্র

অর্থ আত্মসাতের এক মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজসহ দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 12:34 AM

Updated : 19 Aug 2022, 02:43 PM

সোমবার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে উপস্থাপন করা হয়। তিনি সেটি দেখে পরবর্তী কার্যক্রমের জন্য তারিখ নির্ধারণ করবেন।

এক সময়ের জাসদ নেতা শাজহান সিরাজ বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী হয়েছিলেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়।

২০১৬ সালের ২ নভেম্বর শাজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন মো. ফরিদ আহমেদ। প্রায় দুই বছর পরে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলেন তিনি।

মামলার নথিপত্র থেকে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে শাজহান সিরাজ বস্ত্র ও পাটমন্ত্রী থাকার সময় কিশোরগঞ্জ জেলার নিকলীতে বিলুপ্ত বাংলাদেশ পাট কর্পোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়।

ওই জমির প্রকৃত প্রাক্কলিত দাম ছিল দুই কোটি ৫৯ লাখ টাকা। সম্পত্তি বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশ উপেক্ষা করে শাজাহান সিরাজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ লাখ ৮২ হাজার ৫২৩ টাকায় ওই সম্পত্তি কিশোরগঞ্জ পেপার হাউসের মালিক মো. আওলাদ হোসেনের কাছে বিক্রি করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে ওই জমি বিক্রি করে শাজহান সিরাজ অবশিষ্ট অর্থ আত্মসাৎ করেন।

অভিযোগপত্রের অন্য আসামি হলেন জমির ক্রেতা আওলাদ হোসেন।