২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ পেনশন নেওয়া কর্মচারীরাও পাবেন মাসিক পেনশন

চাকরি শেষে শতভাগ পেনশন তুলে নেওয়া (সমর্পণ) সরকারি কর্মচারীদের পুনরায় পেনশনের আওতায় এনেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 10:49 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের জন্য মাসিক পেনশন পুনঃস্থাপন করে সোমবার আদেশ জারি করেছে অর্থ বিভাগ, যা ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

শতভাগ পেনশন নিয়ে নেওয়া সরকারি কর্মচারীরা অবসর নেওয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর পুনরায় মাসে কমপক্ষে তিন হাজার টাকা করে পেনশন পাবেন।

আদেশে বলা হয়েছে, শতভাগ পেনশন নিয়ে নেওয়া কর্মচারীর ২০১৭ সালের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার উপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে।

 

কোন পদ্ধতিতে মাসিক পেনশন পুনঃস্থাপন এবং বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ হবে সে বিষয়ে আদেশে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পেনশন নিয়ে সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০ হাজারের মত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাসে পেনশন সুবিধা পাবেন, এতে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৪৫ কোটি টাকা।

১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন নেওয়ার বিধান চালু করা হয়।

২০১৭ সালের ৩০ জুন ওই পদ্ধতি বাতিল করে ওই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।