যৌন হয়রানি: সেই দুই ছাত্রলীগকর্মীকে জগন্নাথ থেকে বহিষ্কার
ভর্তি পরীক্ষার্থী এক তরুণীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় দুই ছাত্রকে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তারা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন এবং একই বিভাগের মোবারক ঠাকুর প্রিন্স।
তারা দুজনই ছাত্রলীগের কর্মী; বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের অনুসারী হিসেবে তারা ক্যাম্পাসে পরিচিত।
গত শনিবার ওই তরুণী লিখিত অভিযোগ দেওয়ার পর জয়নুল ও প্রিন্সকে ধরে পুলিশে তুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কিন্তু কোনো মামলা না হওয়ার কারণ দেখিয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুই ছাত্রকে বহিষ্কারের কথা জানায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রাথমিক তদন্ত শেষে উপাচার্য স্যার তাদেরকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এরপর আমাদের শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।”
যৌন হয়রানির জন্য দায়ী এই দুই ছাত্রকে বহিষ্কারের দাবিতে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকে মানববন্ধন করেছিল মহিলা পরিষদ, উদীচী ও ছাত্র ইউনিয়ন।
