‘কোটা বাতিলে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারের’
কোটার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলছেন, তারা কোটা বাতিল নয়, সংস্কার চেয়েছিলেন। ফলে এখন কোটা বাতিলের কারণে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারকেই নিতে হবে।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে কোনো বিশেষ নিয়োগ দিলে ছাত্রসমাজ তা মেনে নেবে না বলেও জানান।
এই প্ল্যাটফর্মের আন্দোলনেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সচিব কমিটির সুপারিশে সরকার সম্প্রতি সায় দিয়েছে। গত বৃহস্পতিবার এর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তের পর থেকে শাহবাগে গত কয়েকদিন ধরে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলন করছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের আরেকটি প্ল্যাটফর্ম।
রোববারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, “আমরা সব সময় পাঁচ দফার আলোকে কোটা সংস্কার চেয়েছি। আমরা কখনো কোটার বাতিল চাইনি। কোটা বাতিলের ফলে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারকে নিতে হবে।
“সরকারি চাকরিতে কোনো বিশেষ নিয়োগ দেওয়া যাবে না। বিশেষ নিয়োগ ছাত্রসমাজ মেনে নেবে না। সেই সাথে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেও কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।”
নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ ফলাফল প্রকাশের জোর দাবি জানান তিনি।
আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির যুগ্ম আহ্বায়ক নূরুল হক নুর বলেন, “কোটা সংস্কারের আংশিক পরিপত্র দেওয়া হয়েছে। আমরা শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা সংস্কারের জন্য আন্দোলন করিনি, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। শিক্ষা ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হোক।”
আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, “আমরা সরকারের সকল সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছি। কিন্তু সম্প্রতি কোটা বাতিলের বিষয়ে যে পরিপত্র জারি করা হয়েছে, তাতে ছাত্রসমাজ সন্তুষ্ট নয়। আমরা কখনো কোটা বাতিল চাইনি। পাঁচ দফার আলোকে কোটার সংস্কার চেয়েছি আমরা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান, জসিম উদ্দীন, মশিউর রহমান প্রমুখ।
