বাইকের পেছন থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী ঢালে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
হালিমা বেগম নামে ২৮ বছর বয়সী ওই নারী রোববার সকালে তার বড় ভাই মোস্তাফিজুর রহমানের মোটরসাইকেলের পেছনে বসে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।
মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেমরার বাসা থেকে কাকরাইলের দিকে যাচ্ছিলেন তারা। যাত্রাবাড়ীর ঢালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে হালিমা পড়ে গিয়ে আঘাত পান।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
