অবৈধভাবে সিম বিক্রি: গ্রামীণফোন কর্মকর্তা গ্রেপ্তার
বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করপোরেট সিম বাইরে বিক্রির অভিযোগে গ্রামীণফোনের এক বিপণন কর্মকর্তা ও একজন পরিবেশককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন- গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান (৩৫) এবং পরিবেশক তৌফিক হোসেন পলাশ (৩৮)।
র্যাব-৪ এ দায়িত্বরত সিনিয়র এএসপি মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশনের চলন্তিকা রোড থেকে বিপুল পরিমাণ ‘অবৈধ সিমসহ’ তাদের গ্রেপ্তার করা হয়।
সাজিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুজন বিভিন্ন কোম্পানির নামে গ্রামীণ ফোনের ইস্যু করা করপোরেট সিম বাইরে বিক্রি করছিল। যে কোম্পানির নামে সিম বিক্রি হচ্ছিল, তারা বিষয়টি জানতও না। আর এসব সিম চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছিল।
রোববার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ১৯ সেপ্টেম্বর গ্রামীণফোনের একটি নম্বর থেকে মামুন নামে ব্যক্তি এক বিদেশিকে ফোন করে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। তা নিয়ে ভাষানটেক থানার একটি জিডি করা হয়।
অনুসন্ধানে র্যাব জানতে পারে, ওই সিমটি একটি সংস্থার অনুকূলে নিবন্ধন করা এবং পলাশের মালিকানাধীন মোনাডিক বাংলাদেশ মাধ্যমে তা ইস্যু করা হয়েছে।
মঞ্জুরুল বলেন, “ওই সিমটি ডিস্ট্রিবিউশন হাউজের তদারকির দায়িত্বে থাকা গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ তানভীরুর রহমান কর্তৃক অ্যাক্টিভেট করা হয়।”
র্যাব জানতে পেরেছে, ৪২টি কোম্পানির অনুকূলে ৮৬৭টি সিম ইস্যু ও অ্যাক্টিভেট করা হয় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অনুমতি ছাড়া। আর এতে জড়িত তানভীরুর।
এধরনের সিম দিয়ে হুমকি, চাঁদাবাজি ও অবৈধ ভিওআইপি ব্যবসাসহ নানা অপরাধমূলক কাজের প্রমাণও পেয়েছে র্যাব।
অভিযানে ৫৫৩টি সিম, একটি ল্যাপটপ ও ৯টি ট্যাব উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মঞ্জরুল বলেন, “অ্যাক্টিভেট করা ৮৬৭টি সিম কার কাছে বিক্রি করা হয়েছে তা সানাক্তের চেষ্টা করা হচ্ছে।”
