স্মরণে গোলাম সারওয়ার
গোলাম সারওয়ার সাংবাদিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলে মন্তব্য করেছেন তার স্মরণসভায় আগত ব্যক্তিত্বরা।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুর দুই মাস পর সমকাল পরিবার শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করে এই স্মরণসভার।
গত ১৩ অগাস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “গোলাম সারওয়ার পেশাগত জীবনে অত্যন্ত দায়িত্বশীল সাংবাদিক ছিলেন। তিনি অনেক সুপরামর্শ দিয়েছেন, আবার সমালোচনাও করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। জাতীয় সংকটকালে তিনি বার বার আমাদের পাশে দাঁড়িয়েছেন।”
অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “গোলাম সারওয়ার নিজের আলোয় অনন্য হয়ে উঠল, হয়ে উঠল সাংবাদিকতার বাতিঘর। চলেও গেল আমার তা আগেই। গোলাম সারওয়ারের আলোয় আরও বহু বছর ধরে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হবে।”
অনুষ্ঠানে গোলাম সারওয়ারকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিয়ার রহমান, সাংবাদিক আবেদ খান, নাট্যজন সৈয়দ হাসান ইমাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশীদ, কূটনৈতিক ইনাম আহমেদ চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, কবি হেলাল হাফিজ, কবি কামাল আবদুন নাসের চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে টিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল. সমকালের প্রকাশক এ কে আজাদ, এইচএসবিসি বাংলাদেশের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ,বিচারপিত শামসুদ্দিন চৌধুরী মানিক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সমকালের প্রকাশক এ কে আজাদ বলেন, “একজন পরিপূর্ণ মানুষ ছিলেন গোলাম সারওয়ার। একজন সফল সংগঠক, দলনেতা ছিলেন। তাকে হারিয়ে এখন একা মনে হয়।”
গোলাম সারওয়ারের রচনা থেকে পাঠ করেন বাচিক শিল্কপ্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রুপা চক্রবর্তৗ ও অভিনেত্রী বন্যা মির্জা। গোলাম সারওয়ারের প্রিয় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শামা রহমান।
পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন গোলাম সরাওয়ারের ছোট গোলাম সালেহ মঞ্জু মোল্লাহ।
