বিমানবন্দরে কাস্টমস চেকিংয়ের পর তল্লাশিতে মানা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস চেকিংয়ের পর কোনো যাত্রীর মালামাল আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনো সংস্থা তল্লাশি করতে পারবে না।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই নির্দেশনা জানিয়ে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বিমানযাত্রীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে সেবার মান বাড়ানোর লক্ষ্যে ওই সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছিল।
তল্লাশির বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, “কাস্টমস এর চেকিংয়ের পর কোনো মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো এজেন্সি পুনরায় চেকিং করতে পারবে না। সুনির্দিষ্ট তথ্য থাকলে কাস্টমস চেকিং পয়েন্টেই চেক করতে পারবে।”
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীদের দুর্ভোগ মেটাতে সিদ্ধান্ত নেওয়ার পর কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের জন্য লিখিত নির্দেশনাও দিয়েছেন।”
শাহজালাল বিমানবন্দরে যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার পর অনেক সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যদের তল্লাশির মুখে পড়েন। এতে দুর্ভোগ পোহানোর অভিযোগ অনেকে বিভিন্ন সময় করেছেন।
