২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ অক্টোবর পদ্মা সেতুর কাজ দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন। ওইদিন প্রধানমন্ত্রী পদ্মা প্রকল্প সংশ্লিষ্ট কয়েকটি কয়েকটি কাজেরও উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 09:59 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার সেতু ভবনে পদ্মাসেতু প্রকল্প, এক্সপ্রেসওয়ে, নদীশাসন কাজ সংলগ্ন এলাকার স্থায়ী নদী তীর সংরক্ষণ এবং পদ্মাসেতু রেললিংক নির্মাণ কাজের প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আগামী ১৩ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর চলমান কাজের শুভ উদ্বোধন করবেন এবং কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এ প্রকল্পের আওতায় মূল সেতুর ৭০ শতাংশ ও সার্বিক অগ্রগতি বর্তমানে ৫৯ শতাংশ হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে অগ্রগতি বেড়ে ৬০ শতাংশে দাঁড়াবে।”

মন্ত্রী জানান, পদ্মা সেতু সংলগ্ন ছয় লেইনের এক্সপ্রেসওয়ের চলমান কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এ কাজেরও অগ্রগতি ৭০ শতাংশ।

“এছাড়া পদ্মা সেতুতে রেল সংযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাওয়া প্রাঙ্গনে ১৩০০ মিটার নদী রক্ষা কাজের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”

নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে কী না এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে প্রকল্পে ২৪ ঘণ্টা কাজ চলছে। কবে শেষ হবে তার দিনক্ষণ এখন বলা যবে না। অক্টোবরের শেষ দিকে প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি বলা যাবে।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পদ্মা সেতুর পিলার স্থাপনে কোনো জটিলতা নেই। পৃথিবীতে দুটি নদী আনপ্রেডিকটেবল। এরমধ্যে একটি আমাজন ও অপরটি পদ্মা নদী। সাম্প্রতিককালের অভিমত, আমাজন ছাড়িয়ে পদ্মাই এখন সবচেয়ে আনপ্রেডিকটেবল।

“আমরা বারবার পিয়ারের ওপরে স্প্যান স্থাপন করতে গিয়ে রাখতে পারিনি। কারণ সয়েল কন্ডিশন অ্যালাও করেনি। এ কারণে বিলম্বিত হচ্ছে। তারপরও আমি বলব পদ্মা সেতু আজ দৃশ্যমান। সেটাই আমাদের গর্বের বিষয়।”

প্রস্তুতি সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, মৃনাল কান্তি দাস, বাহাউদ্দিন নাছিম, সাগুফতা ইয়াসমিন এমিলি, বিএম মোজাম্মেলসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

জনমতের কারণে পদ্মা সেতু শেখ হাসিনার নামে হচ্ছে: কাদের