বরিশাল সিটি ভোটের একীভূত ফল ঘোষণা বুধবার
ভোটের দুই মাস পর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের একীভূত ফল ঘোষণা করা হবে বুধবার।
রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত ৩০ জুলাই এ সিটির ভোট হয়। একই দিন রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণের পর ফল প্রকাশ হলেও বরিশালের ফল ঘোষণা ঝুলে যায়।
বরিশাল সিটির ১২৩টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে একটি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও ১৫টি কেন্দ্রের ফলাফল হয় স্থগিত।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “দুই মাস পর এ ভোটের সব পদের ফল ঘোষণা করতে আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশনের অনুমোদন সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। এক্ষেত্রে ১৬টি কেন্দ্রের মধ্যে তদন্ত সাপেক্ষে ৯টি কেন্দ্রে পুনঃভোট করতে হবে। দুয়েকদিনের মধ্যে পুনভোটের তারিখ দেবে কমিশন। বাকি কেন্দ্রগুলোর একীভূত ফল ঘোষণা করা হবে আগামীকাল।”
ভোটগ্রহণ শেষে গণনার এই চিত্র বরিশাল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের; এই সিটিতে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা ঝুলে আছে ২ মাস
এ কর্মকর্তা জানান, কেন্দ্রভিত্তিক একীভূত ফল ঘোষণা উপলক্ষে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের উপস্থিত থাকতে নোটিস জারি করা হয়েছে। দুপুরের মধ্যে বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচিতদের নাম গেজেটে প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।
কমিশন চাইলে দুয়েকদিনের মধ্যে তা গেজেটে করতে পারেন বলে জানান তিনি।
ভোটে অনিয়মের জন্য তদন্তে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, প্রশ্ন করা হলে ‘অবগত নন’ বলে উত্তর আসে মুজিবুরের কাছ থেকে।
তিনি বলেন, “১৫টি কেন্দ্রের ফল নিয়ে অভিযোগের মধ্যে তদন্ত করা হয়েছে। এর মধ্যে ৮টিতে পুনঃভোট করা হবে। তদন্তের বিষয়ে আমাদের জানা মুশকিল। নির্বাচন যখন নির্দেশনা দেবে তখন ব্যবস্থা নেওয়া হবে।”
বরিশাল সিটির ভোটে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১৬টি স্থগিত হওয়ায় মেয়র প্রার্থী কাউকে বিজয়ী ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা।
তবে ১০৭ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ারের চেয়ে ৮৭ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
