ঢাবির মনোবিজ্ঞানের শিক্ষকের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ
বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার সময় তা গোপনে রেকর্ড করে গণমাধ্যমে সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত দিয়েছে ওই বিভাগের একাডেমিক কমিটি।
‘গুরুতর’ এই অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠিও দিয়েছেন একাডেমিক কমিটির পক্ষে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরিন ওয়াদুদ।
তবে অভিযোগের মুখে থাকা অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিম বলছেন, তিনি ‘ষড়যন্ত্রের শিকার’।
উপাচার্যকে লেখা চিঠিতে বলা হয়, “অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিমের কারণে বিভাগীয় কার্যক্রম চালানোর ক্ষেত্রে প্রায় সবসময় বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে বিভাগীয় একাডেমিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে বিভাগীয় শিক্ষকবৃন্দ নিরাপত্তাহীন বোধ করছেন।"
এর প্রেক্ষাপট বর্ণনা করে চিঠিতে লেখা হয়, “অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিম মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গোপন বিষয় নিয়ে চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিম কর্তৃক গোপনে রেকর্ডকৃত একটি অডিও এক বছর পর বিভিন্ন মাধ্যমে তিনি নিজেই প্রদান করেন।"
গত ২৬ সেপ্টেম্বর একাডেমিক কমিটির সভায় ওই অডিও রেকর্ডটি নিয়ে আলোচনা হয়। অডিওটি রেকর্ডের কথা অধ্যাপক রেজাউল সভায় স্বীকার করেন বলেও উপাচার্যকে লেখা চিঠিতে দাবি করা হয়।
এ প্রসঙ্গে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসরীন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিসিয়াল ব্যাপারে উনি (রেজাউল) আর আমি কথা বলছিলাম, উনি লিডিং প্রশ্ন করছিলেন, আমি উত্তর দিচ্ছিলাম।
“উনি সবকিছু রেকর্ড করেছেন। না জানিয়ে রেকর্ড করাটা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মধ্যেও পড়ে। খুব খারাপ একটা উদ্দেশ্যে তিনি এটা করেছেন। আমি যদি কেইস করি, তবে এটাতে উনার পাঁচ বছরের শাস্তি হতে পারে।”
মনোবিজ্ঞান বিভাগেরই এক ছাত্রীকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অধ্যাপক রেজাউল এই নিয়োগ আটকাতে রেজাউল একাজ করেছেন বলে ড. নাসরিন ওয়াদুদের দাবি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে অধ্যাপক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে মিথ্যাচার।
“তারা কোনো ইনভেস্টিগেশন করে নাই। তারা নিজেরা নিজেরাই অভিযোগ করছে, নিজেরা নিজেরাই বলে দিছে, আমি এগুলা করেছি। তাদের কাছে কোনো প্রমাণ আছে?”
‘গায়ের জোরে’ কোনো ব্যবস্থা নিলে আইনের আশ্রয় নেবেন বলেও হুঁশিয়ার করেন এই শিক্ষক।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা একাডেমিক ঘরানার বিষয় তো, কতটা আমলযোগ্য, কতটা কী, তা আমি সংশ্লিষ্ট অনুষদের ডিন সাহেব আছেন, উনাকে দেখতে বলব।”
