২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বপ্নবাজ’ যাকারিয়ার গবেষণাকর্ম সংরক্ষণের দাবি

প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, পুঁথিসাহিত্য-বিশারদ ও অনুবাদক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্ম শতবার্ষিকীতে তার গবেষণাকর্ম সংরক্ষণের দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 09:46 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি রোববার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আয়োজন করে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের।

অনুষ্ঠানে বক্তারা তাকে ‘স্বপ্নবাজ মানুষ’ অভিহিত করে বলেন, ধর্মীয়-রাজনৈতিক সংকীর্ণতার এই সময়ে তার মতো উদারনৈতিক মানুষের ‘বড় প্রয়োজন’ ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “জনাব যাকারিয়ার সত্যিকার অর্থেই একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। বিনয়ী এই মানুষটি ছিলেন বিরল গুণের অধিকারী।”

অধ্যাপনার বিভিন্ন পর্যায়ে বা স্থাপত্য বিষয়ক গবেষণা বই প্রণয়নের কাজে প্রত্নতত্ত্ববিদ যাকারিয়ার সান্নিধ্য পেয়েছেন  অধ্যাপক আরেফিন সিদ্দিক।

সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, “নানা আয়োজনে আসতেন প্রাণবন্ত এই মানুষটি। তার কথায়, চলনে শারীরিক অসুস্থতার কোনো চিহ্ন বোঝা যেতে না। তিনি স্বপ্ন নিয়ে সামনের দিকগুলো দেখছেন “

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের দায়িত্ব পালনের পাশাপাশি আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া যখন সৃজনশীল গ্রন্থ রচনা করেছেন, সেই কাজকে ‘ইতিহাসের আকর গ্রন্থ রচনা’ হিসেবেই উল্লেখ করেন অধ্যাপক আরেফিন।

সাংবাদিক মোজাম্মেল হাসান মঞ্জু বলেন, “জনাব যাকারিয়ার সৃষ্টিসম্ভার আমাদের পরম সম্পদ। তার গবেষণালব্ধ উপাত্ত একালের গবেষকদের নানাভাবে তথ্য ‍জোগাবে। প্রত্নসম্পদের প্রতি অনুরাগ জন্মাতে তার সৃষ্টিগুলো রক্ষা করা জরুরি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শামীমা বানুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাবার স্মৃতিচারণ করেন দুই মেয়ে জাকিয়া মাহফুজ ও সুফিয়া আতিয়া।

সুফিয়া বলেন, “ভার্সেটাইল ব্যক্তিত্ব ছিলেন বাবা। শুধু সাহিত্যের ছাত্র ছিলেন না বাবা, নানা বিষয়ের প্রতি বাবার ছিল প্রচণ্ড আগ্রহ। আমাদের বাবা ছিলেন চলন্ত এক উইকিপিডিয়া।”

জাকিয়া মাহফুজ বাবাকে নিয়ে নিজের লেখা একটি কবিতা আবৃত্তির পাশাপাশি একটি রবীন্দ্র সংগীত গেয়ে শোনান।

পরে অনুষ্ঠানে যোগীর গান পরিবেশন করে নাটোরের তছের মন্ডলের দল।

১৯১৮ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িকান্দি গ্রামে জন্ম নেওয়া  যাকারিয়া অবিভক্ত বাংলার শেষ বেঙ্গল সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৪৮ সালে চাকরি শুরু করেন এবং সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদ থেকে ১৯৭৬ সালে অবসর নেন।

বগুড়ার আজিজুল হক কলেজে শিক্ষকতার সময় থেকে প্রত্নতত্ত্বে আগ্রহী হয়ে উঠেন তিনি। ভাস্কর্য, মূর্তি, স্থাপত্যিক কীর্তিগুলোর পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্নতত্ত্ব-বিষয়ে তিনি অনুসন্ধানী হয়ে ওঠেন। সংগ্রহ করতে থাকেন অমূল্য ঐতিহাসিক তথ্য-উপাত্ত।

পরে দিনাজপুর জেলায় যুগ্ম-সহকারী কমিশনার পদে যোগদানের পর তিনি পুরোদস্তুর প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন শুরু করেন। পরে  বিভিন্ন জেলায় তিনি খননকাজ করেন। তার উদ্যোগে ১৯৬৮ সালে দিনাজপুর জাদুঘর প্রতিষ্ঠিত হয়।  

১৯৮৪ সালে শিল্পকলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের প্রত্নসম্পদ গ্রন্থে শেকড়-সন্ধানী স্বশিক্ষিত প্রত্নতাত্ত্বিক যাকারিয়ার গবেষণালব্ধ ফসল উঠে এসেছে।

এছাড়াও বাংলার লোকজ ঐতিহ্য নিয়ে ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’, ‘সত্যপীরের পুঁথি’, ‘গাজী কালু চম্পাবতী’ সম্পাদনা তার উল্লেখযোগ্য কাজ।

তিনি মধ্যযুগের বাংলার ইতিহাসের আকর গ্রন্থ ‘তবকাত-ই-নাসিরি’, ‘তারিখ-ই-বাঙালা-ই-মহাবত জঙ্গী’, ‘মোজাফফরনামা’, ‘নওবাহার-ই-মুরশিদ কুলি খান’ অনুবাদ করেন।

আ. ক. ম. যাকারিয়া ২০০৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।