২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে হাজিরা: আমীর খসরুকে লিভ-টু আপিলের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিট আবেদন খারিজের আদেশ স্থগিতের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 11:44 AM

Updated : 08 Apr 2022, 07:06 PM

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আমীর খসরু চৌধুরীর পক্ষে শুনানি করেন মওদদু আহমদ; সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি খুরশীদ আলম খান।

পরে খুরশীদ সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আমীর খসরু মাহমুদ চৌধুরী আপিল বিভাগে আবেদন করেছিলেন। আপিল বিভাগ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে লিভ টু আপিল (সিপি) করতে বলেছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমীর খসরুর মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। আর যেহেতু হাই কোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাই তাকে দুদকে যেতে হবে বলে মনে করি।”

আমীর খসরুর আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আদালত অন্তবর্তী কোনো আদেশ দেননি তাই বিষয়টি এখনও বিচারাধীন।

“তাছাড়া দুদক যে নোটিস দিয়েছিল সে নোটিসের মেয়াদ ও কার্যকারিতা না থাকায় তার আইনগত ভিত্তি হারিয়েছে। ফলে দুদকে হাজির হওয়ার যে বাধ্যবাধকতা সেটি থাকছে না।” 

গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমীর খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়।

এর বিরুদ্ধে রিটের পর হাই কোর্ট বিভাগ ১৬ সেপ্টেম্বর আমীর খসরুর রিট খারিজ করে আদেশ দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আমির খসরু।