ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার দাবি
ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দেবে মন্তব্য করে আইনটির পুনর্বিবেচনার লক্ষ্যে তিন দফা দাবি জানিয়েছেন সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিষয়ক দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক।
রোববার এই ৪০ শিক্ষকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, “তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে গণমানুষের তীব্র আপত্তির কারণে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পদক্ষেপ নিয়েছিল সরকার। এমন পদক্ষেপে আমরা ধারণা করেছিলাম, সরকার মানুষের মনের ভাষা বুঝবে এবং আর কোনো ভুল পথে হাঁটবে না। কিন্তু আমাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, ৫৭ ধারা এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধারায় সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাঁই নিয়েছে।
“এ আইন মানুষের সাংবিধানিক অধিকার তথা মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করবে। এ আইন স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দেবে। এ আইন ব্যাপক আকারে মানুষকে হয়রানি করার পথ উন্মুক্ত করে দেবে।”
সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকরাও উদ্বেগ প্রকাশ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে রোববার সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতাদের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন ধারা নিয়ে মন্ত্রিসভায় পুনরায় আলোচনার আশ্বাস দেন আইনমন্ত্রী আনিসুল হক।
শিক্ষকদের বিবৃতিতে বলা হয়, “এ আইনের মোট ১৪টি ধারার ক্ষেত্রে যে কোনো কিছু আমলযোগ্য ও জামিন-অযোগ্য, এবং রকমভেদে শাস্তির অতি উচ্চমাত্রা। এতগুলো ধারা জামিন-অযোগ্য রাখা শাস্তির মাত্রার সূত্রেই আমরা ধারণা করতে পারি, এই আইনটি প্রবর্তন করা হচ্ছে সামাজিক মাধ্যমের ব্যবহারকারী, লেখক ও সাংবাদিকদের নিবর্তন করার জন্য।”
ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি ধারা ২১, ২৫, ২৮, ৩১, ৩২ ও ৪৩ নম্বর ধারা নিয়ে আপত্তি তোলেন এই শিক্ষকরা।
রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই এ আইন পুনর্বিবেচনার লক্ষ্যে তিন দফা দাবি জানান এই শিক্ষকরা। দাবিগুলো হচ্ছে, ২১, ২৫, ২৮, ৩১, ৩২ ও ৪৩ ধারা রদ করা, অবশিষ্ট প্রত্যেকটি ধারাকে জামিনযোগ্য করা ও শাস্তির মাত্রা কমানো এবং পরোয়ানা ছাড়া পুলিশের গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা প্রত্যাহার।
বিবৃতিতে স্বাক্ষরদানকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক ফাহমিদুল হক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক আর রাজী, সহকারী অধ্যাপক সুবর্ণা মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উজ্জ্বল মণ্ডল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজীব সরকার, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রভাষক মাহমুদ হাসান কায়েশ, খণ্ডকালীন শিক্ষক জায়েদুল আহসান পিন্টু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আফরোজা সোমা, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের শিক্ষক খন্দকার তানভীর মুরাদ, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির কলেজ অব ম্যাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া আর্টসের টিচিং অ্যাসিস্ট্যান্ট জাহেদ আরমান, ইউনিভার্সিটি অব অসলোর ডিপার্টমেন্ট অব ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল স্টাডিজের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো মোবাশ্বার হাসান, কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির টার্ম লেকচারার আনিস রহমান, জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজের শিক্ষক শামীম মাহমুদ।
