ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে হতাহাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার দেশটির প্রেসিডেন্ট জোকো উয়িদোদোকে পাঠানো এক শোক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, “মহান সৃষ্টিকর্তা ক্ষতির শিকার হওয়ার পরিবারের সদস্যদে শোক সহ্য করার শক্তি দিক।”
শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩২ জনে।
ভূমিকম্পের কিছুক্ষণ পর সুলাওয়েসি পালু শহরে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার উঁচু (২০ ফুট) ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে।
এতে পালুর বেশিরভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে গেছে। সুনামিতে একটি সেতু ভেঙ্গে ভেসে গেছে এবং ভূমিধসে পালুর প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
