২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে যাব বলব ‘আ মরি বাংলা ভাষা’: কবি নুরুল হুদা

কবিতায় লেখা একটি-দুটি শব্দ উচ্চারিত হয়ে যখন কাউকে বশীভূত করে তখন কবিতার স্বার্থকতা খুঁজে পান বাংলা ভাষার অন্যতম কবি মুহম্মদ নূরুল হুদা, যিনি উড়তে উড়তে ভাবতে আর লিখতে ভালোবাসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 09:44 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

বাংলা ভাষার প্রতি ‘নিবেদিত’ এই কবি বলেন, “বিশ্বের যে প্রান্তে আমি গেছি, সেখানেই আমি বাংলা ভাষাকে পেয়েছি। আমি যত দূর যাব বলব, আ মরি বাংলা ভাষা। বাংলা ভাষা তার নিজ গুণে সারা পৃথিবীতে নিজের স্থান দখল করে নেবে।”

নিজের সত্তরতম জন্মদিনে অনুভূতি পর্বে বাংলা ভাষার প্রতি নিজের আকুলতা এভাবেই ব্যক্ত করেন কবি মুহম্মদ নূরুল হুদা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি মুহম্মদ নূরুল হুদার জন্মোৎসব উদযাপন কমিটির আয়োজনের উদ্বোধন করেন কবি কামাল চৌধুরী।

কবি কামাল চৌধুরী সঋতিচারণ করে বলেন, ষাটের দশকে বিশ্ববিদ্যালয় জীবনে ‘নক্ষত্রবিথী’ নামে একটি সাহিত্য পত্রিকা বের করার সময় কবি মুহম্মদ নূরুল হুদার সঙ্গে সখ্যতা হয় তার।

কবি হুদাকে বাংলার কবিকার ‘কারুকৃৎ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “কবি নূরুল হুদা বঙ্গবন্ধু হত্যার পর জাতির ক্রান্তিকালে লিখেছিলেন ‘যিসাস মুজিব’। সমাজ ও সময়কে তিনি কবিতার অনুষঙ্গ করেছেন। শিল্পসত্তায় তিনি ধারণ করেছেন বাংলাকে।”

অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান মুহম্মদ নূরুল হুদাকে ‘মৌলিক কবি’ হিসেবে উল্লেখ করে বলেন, “তাকে এ কারণে মৌলিক কবি বলতে হবে যে তার সময়ের অনেক কবির কবিতাতে ধার নেই, নান্দনিকতার গভীরতা ও সৌন্দর‌্য নির্মাণ প্রায় অপসৃয়মান। অথচ হুদার কবিতায় আমি গণসংবদ্ধতা দেখি। সমকালের এই কবি দেশিয় ঐতিহ্যকে শিল্পিত বিন্যাসে কবিতায় নির্মাণ করেছেন।  তার কবিতায় কিংবদন্তি আছে, উপাখ্যান ও পুরাণের ব্যবহার আছে। তার বহুমাত্রিকতা আমাকে বিস্মিত করে।”

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মুহম্মদ সামাদ বলেন,  “হুদা ভাইয়ের অনুবাদ কর্ম নিয়ে কথা বড় কম হয়। তিনি যখন বিদেশি কবিতা অনুবাদ করেন, তখন তা আরও তেজস্বী ও সুষমামণ্ডিত হয়। নজরুলের কবিতা ও গদ্যের নন্দনতত্ত্ব নিয়ে তার যে গবেষণা, তা যুগ যুগান্তর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে।”

কবি কাজী রোজী শুভেচ্ছা জানাতে এসে বলেন, “কবি নূরুল হুদা সেই কবি যিনি উচ্চারণ করেছেন ‘যত দূর বাংলা ভাষা, তত দূর বাংলাদেশ’। আমার বন্ধুই করেছে এই অসম্ভব উচ্চারণ।”

কবি মুহম্মদ নূরুল হুদাকে ব্যক্তিগত পর্যায়ে শুভেচ্ছা জানান পেন ইন্টারন্যাশনালের সভাপতি মাসুদ আহমেদ, কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, “বলা ও ভাবার মধ্যে যে ভেদরেখা তা একত্রিত করেছেন কবি হুদা। বাংলাদেশের ভাষার ছাত্র হুদা বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে জনসমক্ষে এনেছেন। ভবিষ্যৎ যখন কবিতা পড়বে, তাদের কবিতা দেখার ধরণও নির্মাণ করে গেছেন তিনি।”

Image
রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে কবি মুহম্মদ নূরুল হুদার ৭০তম জন্মোৎসব অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে কবি মুহম্মদ নূরুল হুদার ৭০তম জন্মোৎসব অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

এর আগে কবি মুহম্মদ নূরুল হুদার লেখা ‘প্রেমিক প্রেমের স্রষ্টা’, ‘নজরুলের শ্রেষ্ঠত্ব’ ও কবির জন্মদিনের বিশেষ সংখ্যা ‘কবি মুহম্মদ নূরুল হুদার ৭০তম জন্মোৎসব সংখ্যা’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।  প্রথম বইটি কলকাতার প্রকাশনী ‘উতল হাওয়া’ এবং দ্বিতীয় বইটি ‘বাংলাপ্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে।

এর আগে কবিকে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম, রবীন্দ্র একাডেমি, কবিতা ক্যাফে, সাহিত্য পত্রিকা জলধি, বিশ্ব বাংলা কবিতা পরিষদ, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, রাইটার্স ক্লাব, স্বপ্নকুড়ি, লোকসাহিত্য পত্রিকা, নারী লেখক সোসাইটি।

অনুষ্ঠানের শেষে কবির লেখা কবিতা পাঠ ও তার লেখা গান গেয়ে শোনান শিল্পীরা।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালী গ্রামে কবি মুহম্মদ নুরুল হুদা জন্মগ্রহণ করেন। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত অবস্থাতেই কবিতা লেখায় হাতেখড়ি। তিনি তখন ‘অধোরেখ’ নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করতেন। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘শোণিতে সমুদ্রপাত’।

১৯৭৩ সালে বাংলা একাডেমিতে সহকারী পরিচালক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন কবি মুহম্মদ নূরুল হুদা। পরে ১৯৮১ সালে তিনি উপ-পরিচালক ও ১৯৯২ সালে একাডেমির পরিচালক পদে পদোন্নতি পান। এরপর তিনি ১৯৯৬ সালে নজরুল ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক পদে যোগ দেন।

২০০২ সালে আবার তিনি ফিরে আসেন বাংলা একাডেমিতে, পরিচালক পদে যোগ দেন।

২০০৮ সালে তিনি কপিরাইট বোর্ডের সদস্য নিযুক্ত হন। একই বছর তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ডিন অব হিউম্যান সায়েন্সেস পদে যোগ দেন।

সাহিত্য গবেষণায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি একুশে পদক লাভ করেন।  এর আগে ১৯৮৮ সালে পেয়েছিলন বাংলা একাডেমি পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগের জেষ্ঠ্য সম্পাদক কবি মুহম্মদ নূরুল বাংলাদেশ রাইটার্স ক্লাবেরও সদস্য। তিনি একাধারে কবিতা সংগঠন কবিতা বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি, দায়িত্ব পালন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতীমণ্ডলীর সদস্য হিসেবে।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অগ্নিময়ী হে মৃন্ময়ী’, ‘আমরা তামাটে জাতি’, ‘শুক্লা শকুন্তলা’, ‘যিসাস মুজিব’, ‘কুসুমের ফণা’, ‘এক জনমের লক্ষ জন্ম’, ‘গালিবের কাছে ক্ষমা প্রার্থনা’, ‘প্রেমের কবিতা’, ‘আমি ও রোহিঙ্গা শিশু’, ‘হাজার নদীর দেশ’, ‘মুজিববাড়ি’,‘স্মৃতিপুত্র’,ষাট বছরের কবিতা’ ইত্যাদি।

প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে ‘ শর্তহীন শর্তে’, ‘সৃষ্টিশীলতা ও অন্যান্য’, ‘কবিতার কৌশল’, ‘কবিতার ভবিষ্যৎ ও অন্যান্য’ ইত্যাদি।

অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে, ‘পরিবর্তনের পথে, ‘আগামেনন। উপন্যাসের মধ্যে রয়েছে ‘মৈনপাহাড়’, ‘জন্মজাতি’।

এছাড়া নজরুল গবেষণা ও হোমিওপ্যাথি গবেষণা নিয়ে বেশকটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে তার।

দেশ-বিদেশের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, ফোকলোর সম্মেলন, কপিরাইট বিষয়ক সম্মেলনে তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন।