ঢাবি সমাবর্তন: ৩-৪ অক্টোবর আমন্ত্রণপত্র ও পোশাক সরবরাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণকারী সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধিভুক্ত কলেজের অধক্ষ্য, ইনস্টিটিউটসমূহের পরিচালক এবং সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটরা ৩ ও ৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমন্ত্রণপত্র এবং সমাবর্তন পোশাক সংগ্রহ করতে পারবেন।
৬ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পর পোশাজক ফেরত দিয়ে গ্রাজুয়েটরা তাদের সনদ সংগ্রহ করবেন।
সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষ-পরিচালক এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদকরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহ করবেন।
কলা ও আইন অনুষদভুক্ত বিভাগ, আধুনিক ভাষা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গ্রাজুয়েটরা কলা অনুষদ ভবন থেকে এসব সংগ্রহ করবেন।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগ এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ, তথ্য প্রযুক্তি, শক্তি ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের গ্রাজুয়েটরা কার্জন হলের বিজ্ঞান ক্যাফেটেরিয়া থেকে আমন্ত্রণপত্র ও পোশাক সংগ্রহ করবেন।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের গ্রাজুয়েটরা বিজনেস স্টাডিজ অনুষদ ভবন থেকে সংগ্রহ করবেন৷
সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগ, সমাজকল্যাণ ও গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউট, ঢাকা স্কুল অব ইকনোমিক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের গ্রাজুয়েটরা সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন থেকে আমন্ত্রণপত্র পোশাক সংগ্রহ করবেন।
শিক্ষা, চিকিৎসা এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, নার্সিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজসমুহের গ্র্যাজুয়েট এবং এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত এবং পদকপ্রাপ্তরা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সংগ্রহ করবেন।
ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গ্রাজুয়েটরা ইডেন মহিলা কলেজ থেকে সংগ্রহ করবেন।
ঢাকা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর সরকারি কলেজের গ্রাজুয়েটরা ঢাকা কলেজ থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহ করবেন।
