২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরের বাসায় ‘বিস্ফোরণে’ মা-ছেলে দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় এক গৃহবধূ ও তার চার বছরের শিশু সন্তান দগ্ধ হয়েছেন।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 04:59 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

শনিবার রাত ১০টার দিকে মোহাম্মদীয়া হাউজিংয়ের এক নম্বর রোডে পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলায় প্রকৌশলী শেখ নাসিরুল ইসলামের ভাড়া বাসায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত হয়েছেন নাসিরুলের স্ত্রী তাসমিম বিনতে আজিজ ও তাদের ছেলে সন্তান শেখ নাসিরুল আল তানজিম। দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মা-ছেলের অবস্থা গুরুতর, দু’জনেরই শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে।

বিস্ফোরণের কারণ নির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ।

তবে গৃহকর্তা নাসিরুল হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোবার ঘরের লাগোয়া একটি স্টোর রুম আছে। সেখান থেকে প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত।

“ওই ঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে,” বলেন তিনি।

নাসিরুল জানান, ঘটনার সময় তার স্ত্রী সন্তান তানজিমকে নিয়ে শোবার ঘরে আর তিনি পাশের ঘরে টেলিভিশন দেখছিলেন।

“হঠাৎ একটি শব্দ শুনে শোবার ঘরে গিয়ে দেখি মা-ছেলের শরীরে আগুন জ্বলছে। আমার স্ত্রী ওই অবস্থায়ই ছেলের গায়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিল। আমিও সে সময় দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলি। পরে দু’জনকে হাসপাতালে নেওয়া হয়।”

ঘটনার খবর পেয়েই পুলিশ ওই বাসায় যায়।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, “প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রথমে পুলিশ ঢুকতে পারেনি।”

বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “প্রথমে শোনা গিয়েছিল  এসি বা ওভেন বিস্ফোরণে এই ঘটনা। কিন্তু আমরা এমন কোনো আলামত পাইনি। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করবে বলে জানান ওসি।