অফিসিয়াল পাসপোর্ট জালিয়াতি: ৭১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র হচ্ছে
জালিয়াতি করে ৬৫ জন সাধারণ ব্যক্তিকে সরকারি কর্মকর্তা দেখিয়ে তাদের নামে অফিসিয়াল পাসপোর্ট করার মামলায় পাসপোর্ট অফিসের দুই পরিচালকসহ ৭১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক।
বৃহস্পতিবার কমিশন সভয় মামলাটির অভিযোগপত্র অনুমোদন পায় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ অভিযোগপত্র শিগগিরই আদালতে উপস্থাপন করা হবে।”
আসামিদের মধ্যে দুই পরিচালক হলেন ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বরখাস্ত পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক (বরখাস্ত) এস এম নজরুল ইসলাম।
ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বরখাস্ত সহকারী পরিচালক এস এম শাহ্জামান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহাকরী পরিচালক উম্মে কুলসুম ও সহকারী পরিচালক নাসরিন পারভীন নূপুরও আসামি হতে চলেছেন এই মামলায়।
এছাড়া জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট পাওয়া ঢাকা, মানিকগঞ্জ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সিলেট, নওগাঁ, পাবনা, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার ৬৫ জনকেও আসামি করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ১৯ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৮ জন পাসপোর্টধারী ও পাসপোর্ট অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. বেনজির আহমেদ এ মামালাটি করেন।
পরে দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহকে মামলাটির তদন্তের দায়িত্ব দিলে দীর্ঘ তদন্ত শেষে মোট ৭১ জনের সংশ্লিষ্টতা পেয়ে কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ৬৫ জন ব্যক্তিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দেখিয়ে এবং কর্মকর্তার নাম ও পদবি ব্যবহার করে জালিয়াতি করে কাগজপত্র তৈরি করে ৬৫টি সাধারণ পাসপোর্টকে অফিসিয়াল পাসপোর্টে রূপান্তরিত করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের মে পর্যন্ত সময়ে তৈরি করা এসব পাসপোর্ট ব্যবহার করে কিছু সংখ্যক ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন দেশে গিয়ে সেখানে বসবাস করছেন। এমন ভুয়া পাসপোর্ট ব্যবহারকারীদের চারজন বাংলাদেশি তুরস্কে গ্রেপ্তার হলে পরে তাদের দেশে পাঠানো হয়।
