২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলসহ তিনজনকে মিরপুর থেকে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 05:13 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর ‘বি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“গোপন সংবাদের ভিত্তিতে ১১৫টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

তবে জামাল মোস্তফা বলছেন, নির্বাচন সামনে রেখে তার ‘জনপ্রিয়তা নষ্ট করতে’ একটি মহল তার ছেলেকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেপ্তার করিয়েছে।

সেই মহল কারা- এ প্রশ্নে এই আওয়ামী লীগ নেতা বলেন, তানজিলা আক্তার শিউলী ওরফে সীমা নামের এক ‘মাদক চোরাকারবারিকে’ তিনি কিছু দিন আগে পুলিশে দিয়েছিলেন।

“তখন সে বলেছিল এর প্রতিশোধ নেবে। কাল রুবেল বাসায় ছিল। ফোন করে তার বন্ধু আওলাদ তাকে ডেকে নেয়। পরে ওই মহিলাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এটা তাদেরই কৌশল।”

তবে গ্রেপ্তার অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি।