২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: গুজবের মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

কোটা সংস্কার আন্দোলনের সময় উস্কানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 10:08 PM

Updated : 08 Apr 2022, 07:04 PM

আদালতের  সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এসআই মাহমুদুর রহমান জানান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি বিভাগ বুধবার প্রতিবেদন জমা দিতে পারেনি।

পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ নভেম্বর দিন ঠিক করে দেন।

মামলার  নথিপত্র  থেকে জানা যায়, গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত উস্কানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যানশাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

এরপর গত ১১ এপ্রিল কাউন্টার টেররিজমের পরিদর্শক এস এম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করেন।