ভোট ঘিরে সাইবার অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা
আগামী সংসদ নির্বাচনের আগে নতুন ধরনের হুমকির আশঙ্কা প্রকাশ করেছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সাইবার অপরাধকে হুমকি ধরে তা মোকাবেলায় সজাগ রয়েছেন তারা।
আগামী ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে ইসিতে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইন্টারনেটে সোশাল মিডিয়ায় নানা অপপ্রচারের আশঙ্কা প্রকাশ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
ইন্টারনেট সুরক্ষায় সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সরকার; তবে এতে মত প্রকাশের স্বাধীনতার পথও সঙ্কুচিত করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
মনিরুল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বলেন, “নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে।”
আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই জানিয়ে তিনি বলেন, “এরপরও আমরা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছি।”
ক্র্যাব কার্যালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজিত ‘ক্র্যাব শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনিরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন। ক্র্যাবের সাধারণ সম্পাদক সরোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, কচি-কাঁচার মেলার উপদেষ্টা আইনুল হক মুন্না, ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কচি-কাঁচার মেলার উপদেষ্টা আইনুল হক মুন্না ও দৈনিক ইত্তেফাকের কার্টুনিস্ট এম এ কুদ্দুস।
প্রতিযোগিতায় ক- গ্রুপে প্রথম হন সাংবাদিক নয়ন মুরাদের ছেলে আবির আবদুল্লাহ, দ্বিতীয় হন সরোয়ার আলমের ছেলে রিহান আবদুল্লাহ সরোয়ার ও তৃতীয় হন আলাউদ্দিন আরিফের মেয়ে আরিশা আরিয়ানা।
খ-গ্রুপে প্রথম হয়েছে এনামুল কবীর রুপমের মেয়ে নাফিসা রাইয়ান ভিন্নতা, দ্বিতীয় হয়েছে নয়ন মুরাদের ছেলে আবিদ আবদুল্লাহ ও তৃতীয় হয়েছে এম এম বাদশাহর মেয়ে নওশিন তাবাস্সুম তৃণা।
