২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: দুই ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রূপালী ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই পাচারের অভিযোগে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 08:21 PM

Updated : 19 Aug 2022, 02:36 PM

সোমবার রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই মামলা করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- এনডি গ্রুপের প্রতিষ্ঠান এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি লিমিটেডের চেয়ারম্যান মাহমুদা জামান, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহাদুজ্জামান, পরিচালক মাসুমুজ্জামান, রূপালী ব্যাংক লিমিটেড কারওয়ান বাজার টিসিবি ভবন করপোরেট শাখার সাবেক ডিজিএম এ এম ফেরদৌস সরকার ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম।

প্রণব কুমার বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৫৮ লাখ ৮২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ এবং এসব অর্থের উৎস গোপন করতে তা স্থানান্তর ও লেয়ারিং করেছেন।

এই অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় এই মামলা করা হয়েছে।