২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ হচ্ছে এনসিটিবির সদস্য সংখ্যা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য সংখ্যা চারজন থেকে বাড়িয়ে আটজন করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 06:48 PM

Updated : 25 Jul 2022, 08:38 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা 

“এটা আগে ইংরেজিতে ছিল, দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড অর্ডিন্যান্স-১৯৮৩। এটাকে বাংলায় রূপান্তর করে নিয়ে আসা হয়েছে। অল্প কিছু পরিবর্তন এখানে হয়েছে।”

তিনি বলেন, “আগে ছিল টেক্সটবুক, এটাকে বাংলায় করা হয়েছে পাঠ্যপুস্তক। আগে বোর্ডের গঠন ছিল চেয়ারম্যান এবং চারজন সদস্য। এখন প্রস্তাব করা হয়েছে একজন চেয়ারম্যান এবং বিষয় ভিত্তিক আটজন সদস্য। নয় সদস্য মিলে বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।

“সদস্যদের মধ্যে আগে কাজ ভাগ করে দেওয়া ছিল না, এখন আটজন সদস্যের প্রত্যেককে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হয়েছে- পাঠ্যপুস্তক, প্রাথমিক শিক্ষাক্রম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম, মাদ্রাসা শিক্ষাক্রম, কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাক্রম (প্রশিক্ষণ), শিক্ষাক্রম (গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন) এবং অর্থ।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোরাম হওয়ার জন্য পাঁচজনের মধ্যে তিনজন উপস্থিত হলেই হত, এখন প্রস্তাব করা হয়েছে পাঁচজনের উপস্থিতিতে কোরাম হবে।

“বোর্ডের কাজে দুটি বিষয় সংযোজন করা হয়েছে, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা। এটা নতুন প্রস্তাবনা। আরেকটি হচ্ছে- ডিজিটাল ও মিথষ্ক্রিয়া পুস্তক প্রণয়ন ও অনুমোদন। বোর্ড কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অনুশাসন ও নির্দেশনার মাধ্যমে পরিচালনা হবে, এটাও নতুন।”

প্রস্তাবিত আইন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দ্বারা বোর্ড পরিচালিত হবে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইনানুযায়ী বোর্ড প্রতিবছর ৩১ মার্চের মধ্যে সরকারের কাছে রিপোর্ট দেবে।

এছাড়াও ‘বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮’ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮৪ সালের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার অর্ডিন্যান্সকে সংশোধন করে নতুনভাবে নিয়ে আসা হয়েছে। এতে তেমন বড় পরিবর্তন নেই।

“বিপিএটিসির বোর্ড অব গভর্ন্যান্সের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে পদাধিকার বলে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে আলোচনা শুরুর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লোগো উন্মোচন করেন।

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ও মুক্তিযোদ্ধা এবিএম আব্দুস সামাদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রকাশ করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।