শ্যালকের ছুরিকাঘাতে আহত
ঢাকার ডেমরায় পারিবারিক কলহের কারণে শ্যালকের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন।
আহতের নাম বশির মিয়া (৩৫)। তাকে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইট বালু ব্যবসায়ী বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেজানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তার স্ত্রী শিমু সম্প্রতি বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে শ্বশুড়বাড়ির সবার সঙ্গে তার সমস্যা চলছিল।
“এরই জের ধরে শ্যালক শ্যামল (২২) একজনকে সাথে নিয়ে সন্ধ্যার দিকে সারুলিয়া বালুর ঘাট আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে কোনো কথা না বলে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
দুই সন্তানের জনক বশির এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
বশিরের বাসা ডেমরার রানী সিনেমাহলের পেছনে। তার শ্বশুরবাড়ির কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বশিরের অবস্থা বেশ গুরুতর।
