২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসচাপায় অটোচালকের মৃত্যু, বাসে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় বাসের চাপায় এক অটোচালকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 12:39 AM

Updated : 19 Aug 2022, 02:36 PM

রোববার রাত ৯টায় এই দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত অটো চালকের নাম মনির হোসেন (১৭)। তার লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, “ত্রিমোহনী ব্রিজের উপরে তরঙ্গ পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে অটোরিকশার চালক মনিরের মৃত্যু হয়।”

অটোতে থাকা তিন যাত্রী আহত হন। তারা স্থানীয় একটি  হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

ওসি বলেন, “ঘটনার পরপরই উত্তেজিত জনতা তরঙ্গ বাসে আগুন দেয়।”

বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ জব্দ করেছে।