২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের আবেগঘন সাক্ষাৎ

‘তৃতীয় লিঙ্গ’কে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছে তাদের একটি প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 11:23 PM

Updated : 11 Oct 2022, 12:37 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে এসএমএস করে গরু পেল হিজড়া সম্প্রদায়

তৃতীয় লিঙ্গের আবিদা ইসলাম ময়ূরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবন দেখা করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই সাক্ষাতকালে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

“ময়ূরী অত্যন্ত আবেগঘন কণ্ঠে তাকে সন্তান হিসাবে গ্রহণ করার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই তুমি আমার সন্তান’।”

এই প্রতিনিধিদলের সদস্যরা ‘সিরি সমাজ কল্যাণ সংস্থা’র আওতায় জামালপুর জেলায় তৃতীয় লিঙ্গের কল্যাণে কাজ করে।

সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়ায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

ময়ূরী প্রধানমন্ত্রীকে বলেন, অতীতে কোনো সরকার তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করেনি।

প্রধানমন্ত্রী তাদেরকে সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তার সরকার তৃতীয় লিঙ্গের জন্য বিভিন্ন সেবামূলক কাজ হাতে নিয়েছে এবং তাদেরকে পরিবারেরসঙ্গে থাকার অধিকার নিশ্চিত করেছে।