‘না’ ভোট পুনঃপ্রবর্তনের প্রস্তাব সুজনের
একাদশ সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগের মধ্যে ‘না’ ভোট পুনঃপ্রবর্তনের প্রস্তাব এসেছে নাগরিক সংগঠন সুজনের এক আলোচনা সভা থেকে।
জাতীয় প্রেস ক্লাবে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও সুষ্ঠু নির্বাচন’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার তাদের নানা প্রস্তাব তুলে ধরেন।
তাদের প্রস্তাবের মধ্যে ‘না’ ভোট পুনরায় চালু ছাড়াও রয়েছে মনোনয়নপত্র অনলাইনে দাখিলের বিধান সংযোজন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা ও আয়কর বিবরণী দাখিলের বিধান সংযোজন, হলফনামার ছকে পরিবর্তন আনা, সোশাল মিডিয়ার জন্য আচরণবিধি প্রণয়ন।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা প্রথমবারের মতো ‘না ভোট’ দেয়ার সুযোগ পায়।
ওই নির্বাচনে মোট ৩ লাখ ৮১ হাজার ৯২৪ জন ‘না’ ভোট দিয়েছিলেন। ‘না’ ভোটের এই পরিমাণ ছিল বাক্সে পড়া মোট ভোটের শূন্য দশমিক ৫৫ শতাংশ।
তখন গণপ্রতিনিধিত্ব আদেশের ৪০(ক) ধারায় বলা ছিল, যদি ‘না ভোট’ সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর ভোটকে ছাড়িয়ে যায়; সেক্ষেত্রে নতুন করে নির্বাচন হবে।
আওয়ামী লীগ সরকার গঠনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হলে তাতে ‘না’ ভোটের বিধান বাদ পড়ে।
২০১৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য মাঠ কর্মকর্তাদের সঙ্গে মতামত বিনিময়েও ‘না’ ভোট চালু করার প্রস্তাব উঠে এসেছিল।
বদিউল আলম বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা সাংবিধানিক এবং আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নির্ভর করে একটি যথাযথ নির্বাচনী আইন ও এর কঠোর প্রয়োগের ওপর।”
সুজনের আলোচনা সভায় বক্তারা দলীয় সরকারকে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।
তত্ত্বাবধায়ক পদ্ধতি বিলুপ্তির পর বর্তমান সংবিধান অনুযায়ী, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে এবং সংসদও বহাল থাকবে।
গোলটেবিলে সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, “এদেশে কোনো নির্বাচন রাজনৈতিক সরকারের আমলে সুষ্ঠু হয় নাই। এ থেকে বের হতে হবে। সরকার চাইলে সবই সম্ভব। কিন্তু সরকার চায় না সুষ্ঠু নির্বাচন হোক।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে এলেও তা নাকচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সংবিধান অনুসরণ করেই হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠনে জোর দিয়ে হাফিজ বলেন, “এটা আমাদের জোর দাবি হওয়া উচিত। আমাদের দেশের যে ইতিহাস, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলেই মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে।”
অনুষ্ঠানে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “সুষ্ঠু নির্বাচনের বিষয়টি ক্ষমতার ভারসাম্যের ওপর নির্ভর করে। নির্বাচন কমিশন কীভাবে সুষ্ঠু নির্বাচন করবে, সেটা আসলে শুধু আইন বা নির্বাচন কমিশনের কর্তাব্যক্তিদের সদিচ্ছার ওপর নির্ভর করে- ব্যাপারটা তা না।
“সবগুলো প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে, সেখানে স্বর্গ থেকেও লোক নিয়ে এসে নির্বাচন কমিশন বানাই, যাদের নিয়ে নির্বাচন পরিচালনা করবেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব না।”
এ নির্বাচন কমিশনকে ‘লোক দেখানো’ নির্বাচন কমিশন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খুব ভালো নির্বাচনী আইন বা খুব ভালো নির্বাচনী সংশোধনী আনলেও যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো জনগণের ভোট দেওয়ার অধিকারকে সমুন্নত রাখার মানসিকতা পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত বেস্ট ইলেকশন কমিশন দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না।”
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইনের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন স্বৈরাচারী ক্ষমতার প্রধান হাতিয়ার। ক্ষমতাবানরা তাদের ক্ষমতার জোরে আইনের অপব্যবহার করছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, জাতীয় কমিটির সদস্য অধ্যাপক সি আর আবরার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম।
আরও খবর
