২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শ্রমিকদের জীবনের মূল্য বোঝানোর কেউ নেই: স্থপতি নিজামুদ্দিন

নির্মাণশ্রমিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন এবং মনিটরিং বাড়ানোর সুপারিশ করে স্থপতি অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বলেছেন, তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে, কিন্তু তাদেরকে জীবনের মূল্য বোঝানোর কেউ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 05:57 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

‘নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বুয়েটের স্থাপত্য বিভাগের সাবেক এই চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে নির্মাণ খাতে যারা কাজ করছেন তারা কেউই শিক্ষিত নন। এমনকি তারা যে কাজটি করছেন, তাও কোনো প্রতিষ্ঠান থেকে শিখছেন না। শ্রমিকদের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করার প্রবণতা অনেক বেশি। তাদেরকে জীবনের মূল্য বোঝানোর কেউ নেই।

“তাই এখন সময় এসেছে সাবধান হওয়ার এবং শ্রমিকদের মাঝে সচেতনতা তৈরির। এজন্য সরকারের উচিত এই খাতে নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন আইন প্রণয়ন করা এবং মনিটরিং করা।”

শনিবার লাফার্জহোলসিমের উদ্যোগে ওই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছায়ানট, শিল্পকলা একাডেমির নাট্যশালা, সেনাকুঞ্জসহ বিভিন্ন স্থাপনার এই স্থপতি।

বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনলোজির অধ্যাপক নিজামুদ্দিন বলেন, “বাংলাদেশে নির্মাণ শ্রমিকরা অনেক বেশি অবহেলিত। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদ দিলে এসব শ্রমিকের নিরাপত্তার কথা কেউ ভাবে না।

“সামান্য খরচে নিরাপত্তা সামগ্রী সরবরাহ করতে তারা আগ্রহী নয়। বাংলাদেশে নির্মাণ খাতে যেসব দুর্ঘটনা ঘটে, তার বেশিরভাগই অসাবধানতার কারণে ঘটে।”

এর মধ্যে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়াকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন অধ্যাপক নিজামুদ্দিন।

তিনি আরো বলেন, “দুর্ঘটনা ঘটে যাওয়ার পর শ্রমিক এবং কর্তৃপক্ষের মধ্যে চলে একে অপরকে দোষ চাপানোর খেলা। এই সংস্কৃতি থেকে বের না হয়ে আসতে পারলে কোনোদিন সমাধান আসবে না।”

সভার প্রধান অতিথি লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা অনুষ্ঠানে বলেন, “লাফার্জহোলসিম সারা বিশ্বেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এর কর্মীরা কর্মঘণ্টার শতকরা ২০ শতাংশ ব্যয় করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ কারণে লাফার্জহোলসিমের কারখানাগুলোতে দুর্ঘটনার সংখ্যা কম।”

লাফার্জহোলসিম বাংলাদেশের কমিউনিকেশন কনসালটেন্ট মহিউদ্দিন বাবরের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে শান্তা হোল্ডিংস লিমিটেড, অ্যাসেট ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বাংলাদেশ অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড ইনভায়ারনমেন্ট ফাউন্ডেশন, বিএসআরএম, সিটিব্যাংক এন.এ., সিআরপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।