জগন্নাথের বাসে সাংবাদিকের উপর হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে তাস খেলার জন্য আসন ছেড়ে না দেওয়ায় হামলার শিকার হয়েছে একজন সাংবাদিকসহ কয়েকজন শিক্ষার্থী।
আহত সাংবাদিক রিয়াজ রহমান চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ।
রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ের দুর্জয় বাসে বসে পড়ছিলাম। এ সময় ১২তম ব্যাচের ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী এসে আমাদের আসন থেকে উঠে যেতে বলে।
“কারণ জানতে চাইলে তারা ওই আসনগুলোতে তাস খেলবে বলে জানায়। এসময় আমার আরেক বন্ধু তাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন গ্রুপের কর্মী বলে পরিচয় দেয় এবং আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে হামলা করে বসে।”
রিয়াজ বলেন, “এসময় আমাদের সাথে থাকা একজন নারী শিক্ষার্থীসহ তিনজন আহত হয়।”
আহতদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।
ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো নিশতার জাহান কবিরসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগ দেওয়ার সময় জবি প্রক্টর নূর মোহাম্মদ জড়িতদের ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ওই ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা হামলা চালিয়েছে।”
