২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর মেহেদী হত্যা: আরও তিন আসামির স্বীকারোক্তি

রাজধানীর দক্ষিণখানের কিশোর মেহেদী হাসান হত্যা মামলায় আরও তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 10:01 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান।

তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী আসামি সোহেল রানা ও মেহেরাব হোসেনের এবং আরেক মহানগর হাকিম দেলোয়ার হোসেন আসামি সাইফুল ইসলামের জবানবন্দি রেকর্ড করেন।

মামলার আরেক আসামি মনির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৯ সেপ্টেম্বর আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন আসামি সাইফ, আরাফাত ও সিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আর আসামি আপেল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

দুই দল কিশোরের দ্বন্দ্বের জেরে গত ৩১ অগাস্ট ছুরিকাঘাতে খুন হন দক্ষিণখান চেয়ারম্যানবাড়ি নগরিয়া এলাকার মেহেদী হাসান শুভ (১৭)।  ওই ঘটনায় ১ সেপ্টেম্বর মেহেদীর বাবা দক্ষিণখান থানায় মামলা করেন।

গত ৮ সেপ্টেম্বর মামলার আট আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

দক্ষিণখানে মেহেদী খুনের ঘটনায় আট কিশোর গ্রেপ্তার