মোহাম্মদপুরের ‘অবৈধ’ ১৪ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধের নির্দেশ
ঢাকার মোহাম্মদপুরে অবৈধভাবে পরিচালিত ১৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত।
হুমায়ুন রোড, বাবর রোড ও খিলজি রোডের অনুমোদনহীন এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হল- বিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়েল মাল্টিস্পেশালিস্ট হসপিটাল, নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হসপিটাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজইড হসপিটাল।
লাইসেন্স ছাড়া বা অনুমোদনহীনভাবে পরিচালতি এসব হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা বন্ধে ‘বিবাদীদের ব্যর্থতা বা নিস্ক্রিয়তা’ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে পরিচালিত এই ১৪টি হাসপাতাল পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
দুই স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোহাম্মাদপুর থানার ওসি, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান খোকন।
পরে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, মোহাম্মদপুরের ‘৫০০ মিটারে ২৬টি, ১৪টিই অবৈধ হাসপাতাল’ শিরোনামে গত ২০ এপ্রিল দৈনিক বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এই রিট আবেদন করে।
“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তারা এ হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যায়। আর চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স ছাড়া কেউ যদি হাসপাতাল বা ক্লিনিক চালায় তাহলে শাস্তির বিধান রয়েছে। অথচ প্রশাসনের নাকের ডগায় এ কাজগুলো চলছে। তাদের নিস্ক্রিয়তার কারণে আদালতে এসে মামলা করতে হয়েছে।”
বণিক বার্তার ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৮২ সালের ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্সে বলা আছে, কোনো হাসপাতালে রোগীপ্রতি অন্তত ৮০ বর্গফুট ফ্লোরস্পেস থাকতে হবে।
শীতাতপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটারের পাশাপাশি শয্যাসংখ্যার বিপরীতে নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক ও নার্স থাকতে হবে। সেই সঙ্গে অপরিহার্য হিসেবে ঘোষিত যন্ত্রপাতি ও সরঞ্জাম সব ঠিকঠাক থাকলেই কেবল কার্যক্রম চালাতে পারবে বেসরকারি কোনো হাসপাতাল।
“বিডিএম ও সেবিকা জেনারেল হাসপাতালের মতোই মোহাম্মদপুরের বাবর রোড, খিলজি রোড ও হুমায়ুন রোডের অসংখ্য বেসরকারি হাসপাতাল কার্যক্রম চালাচ্ছে লাইসেন্সের এসব শর্ত পূরণ ছাড়াই। শর্ত পূরণ না হওয়ায় লাইসেন্সও নবায়ন হয়নি। ফলে অবৈধ হয়ে পড়েছে এসব হাসপাতাল। এ তিন সড়কের মাত্র ৫০০ মিটারের মধ্যেই যার সংখ্যা ১৪। আর লাইসেন্স রয়েছে এমন হাসপাতালসহ এ সংখ্যা ২৬।”
ওই প্রতিবেদনে বলা হয়, অবৈধ এসব হাসপাতাল গড়ে তোলার পেছনে রয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। কখনো নিজের নামে, কখনো অন্যের নামে তারা এসব হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন।
“হুমায়ুন রোডের বিডিএম হাসপাতালটির প্রতিষ্ঠা সাত চিকিৎসকের হাতে। এদের মধ্যে একজন পঙ্গু হাসপাতালের চিকিৎসক। বাকিরাও সরকারি বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। চিকিৎসকদের মালিকানায় গড়ে ওঠা হাসপাতালটির অধিকাংশ রোগীই পঙ্গু হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। কাজটি করছেন হাসপাতালটির মালিকানায় থাকা চিকিৎসকরা নিজেই।”
হাসপাতালের অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নবায়নও তারাই করে। প্রতি বছর ৩০ জুনের মধ্যে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন করতে হয়। পরিদর্শন করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নবায়ন করা হয়। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হাসপাতালের পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি, হালনাগাদ পরিবেশ ছাড়পত্র, আয়কর সনদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ছাড়পত্র দেখাতে হয়।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনকে উদ্ধৃত করে বণিক বার্তার প্রতিবেদনে বলা হয়, “নবায়ন না করে হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। ওই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের নেই। এ ক্ষমতা এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন-শৃঙ্খলা বাহিনী চাইলে যে কোনো সময় অভিযান চালিয়ে হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।”
