প্রধানমন্ত্রীর সঙ্গে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেন মিকসার।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এস্তোনিয়ার সফররত মন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মিয়ানমার রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে।
১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের জন্য বিশাল বোঝা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা তাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার কথাও বলেন।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ এবং সমস্যা সমাধানে আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তারা জোরপূর্বক বিতাড়িত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এখনও তারা কোন কর্মকাণ্ড শুরু করেনি।”
প্রধানমন্ত্রী বাংলাদেশে এস্তোনিয়ার বিনিয়োগ আশা করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা মিকসারকে জানান।
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন পর্যায়ে নিয়ে যেতেরচায়।
তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এই সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
