কওমি সনদের স্বীকৃতিতে আইনের খসড়া সংসদে উত্থাপন
কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া সংসদে উঠেছে।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন।
বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
বিলটি তোলার জন্য নির্ধারিত ছিল না। সম্পূরক কার্যসূচিতে তা সংসদে তোলেন নাহিদ।
বিলটি তোলার বিষয়ে আপত্তি জানান জাতীয় পার্টির ফখরুল ইমাম। তিনি বলেন, তারা ১০ মিনিট আগে বিলটি হাতে পেয়েছেন। যে কারণে পড়তে পারেননি।
ফখরুল প্রস্তাবিত আইনটি পরে উত্থাপনের দাবি জালেও সংসদ সায় দেয়নি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী শিক্ষামন্ত্রীকে ফ্লোর দিলে তিনি বলেন, এই অধিবেশেনই বিলটি পাস করতে চান তিনি। সেজন্য স্বল্প সময়ের নোটিসে আনা হয়েছে।
এর আগে শিরীন শারমিন বলেন, বিল উত্থাপনের আগে পর্যাপ্ত সময় দিয়ে নোটিস জারির বিধান স্থগিত করার ক্ষমতা স্পিকারের রয়েছে। এক্ষেত্রে তিনি তা প্রয়োগ করেছেন।
সারা দেশে এখন ছয়টি বোর্ড কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করছে। আইনটি হলে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করা হবে। এর নাম হবে ‘আলহাইয়্যাতুল উলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ’, আর কার্যালয় হবে ঢাকায়।
বিলে বলা হয়েছে, এই আইন বাংলাদেশের দারুল উলূম দেওবন্দের নীতি, আদর্ম ও নিসার (পাঠ্যসূচি) অনুসরণে পরিচালিত হবে কওমি মাদরাসাগুলোর দাওয়ারে হাদিস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহ আহমদ শফী, কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পর্যালোচনা কমিটির আহ্বায়ক মওলানা ফরীদ উদ্দীন মাসঊদসহ কয়েকশ আলেমের উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানে কওমির সনদকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণাকে হেফাজতে ইসলামের মত ইসলামী দলগুলোর কাছে ‘নতি স্বীকার’ হিসেবে দেখিয়ে বিভিন্ন বাম সংগঠন এবং সুশীল সমাজের একটি অংশ সে সময় এর সমালোচনা করে। কওমির স্বীকৃতিতে বাংলাদেশে ‘জঙ্গিরা জেঁকে বসতে পারে’ বলেও হুঁশিয়ার করা হয়।
সমালোচনার মধ্যেই ঘোষণার দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার। সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার জন্য শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করে একটি কমিটিও সে সময় করা হয়।
২০১৭ সালের ১৩ এপ্রিল গঠিত ওই কমিটিকে এখন এ আইনে আনা হয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এ কমিটির মাধ্যমে পরিচালিত হবে, কমিটিতে নয় ধরনের ব্যক্তি থাকবেন।
বেফাকুল মাদ্রারিসিল আরাবিয়ার সভাপতি কমিটির চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিলের সিনিয়র সহ-সভাপতি, কো-চেয়ারম্যান এবং বেফাকুল মাদ্রারিসিল আবারিয়া বা এর মহাসচিব মনোনীত আরও পাঁচজন সদস্য থাকবেন কমিটিতে।
এছাড়া গওহরডাঙ্গার বেফাকুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রামের আন্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, বগুড়ার আযাদদ্বীনি এদারায়ে তালিম, বগুড়ার তানজীমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দুইজন করে সদস্য কমিটিতে আসবেন।
চেয়ারম্যান ইচ্ছা করলে যে কাউকে কমিটিতে যোগ করে নিতে পারবেন, তবে সব মিলিয়ে তা ১৫ জনের বেশি হবে না। কমিটি ‘দলীয় রাজনীতির ঊর্ধ্বে’ থাকবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, “কওমি মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট ও স্বকীয়তা বজায় রেখে ‘আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল আনা হয়েছে।”
