ডিজিটাল নিরাপত্তা বিল: আরও এক মাস সময় নিল সংসদীয় কমিটি
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবেদন চূড়ান্ত করতে আরও এক মাস সময় নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
সোমবার সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে আরওএক মাস সময় চান। পরে কমিটির এই প্রস্তাবে সংসদ সায় দেয়। সংসদের চলতি অধিবেশন শেষ হবে ২০ সেপ্টেম্বর।
গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদনের পর থেকে এর সমালোচনা হচ্ছে। ৯ এপ্রিল বিলটি সংসদে তোলার পর তা এক মাসের মধ্যে পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরে কমিটি সংসদের কাছ থেকে আরও দুই মাস সময় নেয়।
বিলটি নিয়ে সংসদীয় কমিটি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই দফা বৈঠক করে। ওই বৈঠকে আইনে আরও কিছু ধারা সংশোধনীর সিদ্ধান্ত আসে।
এই বিলটির আটটি ধারা নিয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গণমাধ্যম সংশ্লিষ্ট তিনটি পক্ষ সম্পাদক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রতিনিধিদের সঙ্গেও বিলটি নিয়ে বৈঠক করে সংসদীয় কমিটি। পরে সংসদীয় কমিটি বিলের বেশ কয়েকটি ক্ষেত্রে সংশোধনী আনার কথা জানায়।
