প্রধানমন্ত্রীর সঙ্গে আইডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে রোববার ব্যাংকের রিজিওনাল হাবের উদ্বোধনী অনুষ্ঠানের পর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হাজ্জার।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
বাংলাদেশের উন্নয়নে আইডিবির কার্যকর ভূমিকা সবসময় অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন এম এইচ হাজ্জার।
ইহসানুল করিম বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে আইডিবি প্রেসিডেন্ট বলেন- সকল সূচকে বাংলাদেশের উন্নয়নের চিত্র অন্যান্য সদস্য রাষ্ট্র, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সামনে তুলে ধরা উচিত।”
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রশংসা করেন আইডিবি প্রধান।
বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশকে আইডিবির সহযোগিতা প্রদানের তালিকায় ওপরের দিকে রাখায় এবং সহযোগিতা অব্যাহত রাখায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন- বাংলাদেশের উন্নয়নে আইডিবির সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
সরকার তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে সরকার।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি এবং দারিদ্র্যের হার ২২ শতাংশে কমিয়ে এনেছি, যা আরো কমিয়ে আনার লক্ষ্য সরকারের রয়েছে’।”
প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে আইডিবির আরো বিনিয়োগ প্রত্যাশা করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
