গঠনমূলক সমালোচনা করুন: সাংবাদিকদের নাহিদ
সমালোচনা শুনতে আপত্তি নেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের; তবে তা যেন ‘গঠনমূলক’ হয়, সেটাই সাংবাদিকদের কাছে চান তিনি।
রোববার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের এক অনুষ্ঠানে নাহিদ বলেছেন, সমালোচনা গঠনমূলক হলে ভুল শুধরে নেওয়া যায়।
ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজকে সাধারণ সম্পাদক করে গত ১১ জুলাই ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নিয়ে ইবার’র ১৭ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সাংবাদিকদের শিক্ষা পরিবারের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “সবাই মিলেই কাজ করি। বিরুদ্ধে যায় এমন সংবাদ ছাপালে অসন্তুষ্ট বা অখুশি হই না বরং বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ তৈরি হয়। গঠনমূলক সমালোচনা হলে ভুলটাকে সংশোধন করা যায়।
“ভুল-ত্রুটি আপনারা সামনে নিয়ে আসবেন। আমার সমালোচনা হলেও কোনো প্রতিবাদ করি না, ভুল হলে সতর্ক হই, গঠনমূলকভাবে সমালোচনা করবেন।”
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সব কাজের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার লক্ষ্য অর্জনে আপনারা আমাদের সহযাত্রী। মানসম্মত শিক্ষা দেওয়ার দীর্ঘ প্রক্রিয়ায় একসাথে চলব সেই আস্থা নিয়ে এখান থেকে যাব।”
নাহিদ বলেন, সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদটি জানতে চান। বস্তুনিষ্ঠ সংবাদই আমরা আশা করি। খবর বস্তুনিষ্ঠ হলে আত্মসমালোচনার সুযোগ থাকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইরাব সভাপতি সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজের পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি মুসতাক আহমদ ও নিজামুল হকও বক্তব্য রাখেন।
অভিষেকের প্রথম পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিক্ষা খাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও শিক্ষক সংগঠনগুলোর শীর্ষ নেতা এবং শিক্ষাবিদরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
