২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডি লেকে কিশোরীর ‘আত্মহত্যা’

ছোট বোনের সঙ্গে ঝগড়া করে এক কিশোরী রাজধানীর ধানমণ্ডি লেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 12:30 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

মোশারত খন্দকার ইমি নামের ১৭ বছর বয়সী ওই মেয়েটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ‘এ’ লেভেলে পড়ত। কাতার প্রবাসী লিয়াকত হোসেন লিটুর তিন মেয়ের মধ্যে ইমি ছিল দ্বিতীয়। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে তাদের বাসা।

ধানমণ্ডি থানার এসআই মো. আকবর হোসেন জানান, দুই যুবক ইমিকে শনিবার রাত ১১টা দিকে লেক থেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমির মায়ের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, শনিবার সন্ধ্যায় ছোট বোনের সঙ্গে ইমির ঝগড়া হয়। ঝগড়ার পর ইমির ছোট বোন ঘুমের ওষুধ খেলে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

“বাসার সবাই যখন এ নিয়ে ব্যস্ত তখন ইমি বাসা থেকে বেরিয়ে ধানমণ্ডি লেকের পানিতে ঝাঁপ দেয়। পরে দুই যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

পুলিশও প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা মনে করছে বলে জানান এসআই আকবর।