‘ট্রান্সফরমারস রোডশো ওআইসি দেশগুলোর উন্নয়নে অবদান রাখবে’
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ট্রান্সফরমারস রোডশো’ ওআইসিভুক্ত দেশগুলোর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘ট্রান্সফরমারস রোডশো’ প্রতিযোগিতার উদ্দেশ্য হল নতুন ধারণাকে খুঁজে বের করা এবং সহায়তা করা, যা দিয়ে জনগোষ্ঠীগুলো তাদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারে।
মন্ত্রী বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু এ যুদ্ধ বিধ্বস্ত দেশটির উন্নয়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিকে। প্রধানমন্ত্রীও তার বাবার উত্তরসূরি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
“২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকাকে জাতীয় উন্নয়নের মুখ্য বিষয় বলে মনে করা হচ্ছে।”
চলতি বছরের ৩ জুলাই কাজাগস্তানের আসটানা ইসলামী অর্থনীতি ফোরামে এই প্রতিযোগিতার প্রথম আয়োজন করা হয়। বাংলাদেশে এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে সর্বমোট ২০টি দলকে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্রিক উন্নয়ন ধারণাগুলো বিচারকদের সামনে উপস্থাপনের মাধ্যমে তিনজন বিজয়ীকে বেছে নেওয়া হবে।
রোববার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএসডিবির প্রেসিডেন্টের উপস্থিতিতে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রত্যেক বিজয়ীকে তিন হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এবং তারা আগামী ডিসেম্বরে আইডিবির বার্ষিক বিজ্ঞান ও উদ্ভাবন সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
