চার তরুণের ক্যানভাসে বাংলার রূপবৈচিত্র্য
চার তরুণ চিত্রশিল্পীর জলরঙের ক্যানভাসে ফুটে উঠেছে বাংলার স্থাপত্য, নদী, কৃষিভিত্তিক গ্রামীণ জীবন আর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারা।
বাংলার স্থানিক রূপবৈচিত্র্য নিয়ে তাদের আঁকা সেসব ছবি নিয়ে রাজধানীর গ্যালারি কসমসে শুরু হয়েছে ‘মৃন্ময় বাংলা’ শিরোনামের দলীয় চিত্রকলা প্রদর্শনী।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন ঝোটন চন্দ্র রায়, মো. কামরুজ্জোহা, সুমন কুমার সরকার, মানিক বণিক।
গ্যালারি কসমস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকালে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপংস প্রদর্শনীর উদ্বোধন করেন।
সৌরভ চৌধুরী জানান, শিল্পী ঝোটন রায় খুঁজেছেন পুরান ঢাকার স্থাপত্যের গায়ে লেগে থাকা নস্টালজিয়া।
শিল্পী কামরুজ্জোহার চিত্রে গ্রাম ও নদীর বুকে মানুষের নিয়ত জীবনযাপনের গল্প উঠে এসেছে, যা কি না কখনো কর্মব্যস্ত প্রত্যুষের, কখনো বা গোধূলীর।
শিল্পী মানিক বণিকের চিত্রে ফুটে উঠেছে সরল বাংলার পথ-প্রান্তর জুড়ে বাংলার কৃষিভিত্তিক জীবনের গল্প।
উত্তরের বরেন্দ্র অঞ্চলের সাঁওতালি জীবনধারাকে উপজীব্য করেছেন শিল্পী সুমন কুমার সরকার।
মহাখালীর নিউ ডিওএইচএসের গ্যালারি কসমসে এই প্রদর্শনী চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্র স্মরণানুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতাএবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশনার মাধ্যমে।
এরপর শুরু হয় একক সঙ্গীত পরিবেশনের পালা।
অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথের গীতবিতান থেকে নির্বাচিত পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের শতাধিক গান দিয়ে।
সংস্থার ৮০ জন শিল্পীর পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও এই একক ও দ্বৈত পরিবেশনায় অংশ নিচ্ছেন।
